×

দিনাজপুরে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি
পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পরিবেশগত শিক্ষা কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরে ২ দিন ব্যাপী সচেতনতামুলক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর বাস্তবায়নে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিউচুযাল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় কর্মসুচী উদ্বোধন করেন প্রধান অতিথি এসডো এর প্রতিষ্ঠাতা ড. শাহারিয়ার হোসেন।
উপস্থাপনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর কো-অর্ডিনেটর খলিলুর রহমান ও সিনিয়র রিসার্চ এন্ড পলিসি এসোসিয়েট ডা. ফয়জুন নাহার।
বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনাম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, দৈনিক উত্তরবাংলা’র নির্বাহী সম্পাদক ও এসডো এর লোকাল কো-অর্ডিনেটর জিনাত রহমান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্রাঞ্চ ম্যানেজার শাহ মোঃ আবুসালেহ, ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রুপম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মিতা জাহান, এসডো’র প্রজেক্ট এসোসিয়েট নিলুফা ইয়াসমিন।
সমাপনি বক্তব্য রাখেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা।
বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে। শিক্ষাঙ্গন থেকেই এই পরিবর্তনের সূচনা হওয়া উচিত। তরুণ প্রজন্ম সচেতন হলে খুব দ্রুতই আমরা প্লাস্টিকমুক্ত সমাজ গঠন করতে পারব।
বক্তারা আরও বলেন, নিজ নিজ ক্যাম্পাসগুলোকে প্লাস্টিকমুক্ত করার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দিতে হবে।
এ ছাড়াও একই সাথে প্লাস্টিকের বিকল্প হিসেবে পুনঃব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ ও ধাতব পাত্র ব্যবহারের জন্য শিক্ষার্থী উৎসাহিত করা হয়।
কর্মসূচিতে শিক্ষক, ছাত্রী, এবং এসডো-এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। এ ছাড়াও প্রজেক্টরের মাধ্যমে ছাত্রীদের প্লাস্টিকমুক্ত রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বিভিন্ন সচেতনতামুলক কর্মসুচী উপস্থাপনা করা হয়।
৫ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।