×

গাইবান্ধায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠান বা বিভাগের পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনার বাংলা সংস্থা নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। অবসর সময়ে তরুণদের খেলাধুলা ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে একটি সুন্দর, সুস্থ ও কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মাদকমুক্ত দেশ গঠনে কাজ করছে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও উন্নয়নকর্মীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি শিক্ষার্থী ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী এবং সৃজনশীল বই তুলে দেন। তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।