×

কাহারোলে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার আল-আজহার ইসলামিক একাডেমি কেন্দ্রে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কাহারোল থানার তদন্ত কর্মকর্তা এসআই আজাদ।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্র সভাপতি আমিনুল ইসলাম ও কেন্দ্র সচিব জাকিরুল ইসলাম দায়িত্ব পালন করেন। এ সময় স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নেও এ আয়োজন সহায়ক।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।