

পঞ্চগড় প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, যখনই একটি পত্রিকা বা একটা মিডিয়া তার প্রচার প্রোপাগান্ডায় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রকাশ করে তখনই কিন্তু সেই পত্রিকাটা মানুষের হৃদয়ে স্থান নিতে পারে।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। অন্যদের মধ্যে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আমি বরাবরই বাংলাদেশের বিশেষ করে জাতীয় পর্যায়ের কোন টেলিভিশন হোক, আমাদের ইলেকট্রনিক মিডিয়াই হোক, প্রিন্ট মিডিয়াই হোক, সেক্ষেত্রে একটা বিষয় গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যখনই একটি পত্রিকা বা একটা মিডিয়া তার প্রচার প্রোপাগান্ডায় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রকাশ করে তখনই কিন্তু সেই পত্রিকাটা মানুষের হৃদয়ে স্থান নিতে পারে। কোন একটি পত্রিকা যখনই কোন দলীয় দৃষ্টিকোণ থেকে অথবা জ্ঞাতসারে, অজ্ঞাতসারে সমর্থন করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু সেই মিডিয়া কখনোই কিন্তু জনবান্ধব হতে পারেনা। আমরা বিগত দিনে বহু মিডিয়ার ক্ষেত্রে এটা দেখেছি। আমি আশা করব দৈনিক পঞ্চগড় খবর এইসবের উর্ধ্বে উঠে আমাদের পঞ্চগড়ের বস্তুনিষ্ঠ সেটা সরকারের পক্ষে যেতে পারে, সরকারের বিপক্ষেও যেতে পারে, বিরোধী দলের পক্ষে যেতে পারে বিরোধীদলের বিপক্ষেও যেতে পারে সেই সংবাদটা প্রকাশ করার সৎ সাহস নিয়েই যেন এগিয়ে যাক। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার দরকার আমি মিডিয়ার আত্মপ্রকাশের দিন আপনাদের আশ্বস্ত করলাম।
