×

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশক নিধনের উদ্বোধন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ এলাকায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব হাজী মো. ইকবাল টারজেন এর আয়োজনে ফগার মেশিন দিয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে নিজেদের ঘরবাড়ি ছাদ পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় নোংরা বস্তু ভেঙ্গে ফেলুন।
তিনি যুবসমাজের উদ্দেশ্যে আরো বলেন, মাদক একটি পরিবার ও দেশকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে। খেলাধুলায় মাদক নির্মূল থেকে শিশু-কিশোর যুবকসহ সমাজের যে কোন মানুষকে মাদক থেকে রক্ষা করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক চৌধুরী, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন, দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ নূরনবী, ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল মিলন, বায়তুল ইজ্জত জামে মসজিদের সভাপতি মামুনুর রশিদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর জেলা শাখার সিনিয়র সদস্য নুর আলম সোহেল, সদর উপজেলা ক্রীড়া সংসদের সভাপতি মো. শামীম, সাধারণ সম্পাদক ইবনে মিজান, ১০ নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি বাবলি প্রমূখ। দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম।