×

বীর নিবাসে বিদ্যুৎ সংযোগ নিতে প্রতিবেশীর বাধা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার মহরমপুর গ্রামে বীরমুক্তিযোদ্ধা মো. ইছাহাক আলী ওরফে ইছাবদ্দিন প্রতিবেশীর আপত্তিতে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে না পারার অভিযোগ করেছেন। তাঁর দাবি, সদর উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত কয়েক বার আবেদন করলেও গুরুত্ব দেননি তারা। ফলে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটছে বীরমুক্তিযোদ্ধা মো. ইছাহাক আলীর ।
দিনাজপুর জেলা প্রশাসক বরাবর সর্বশেষ লিখিত আবেদনে ইছাহাক আলী উল্লেখ করেন, মহরমপুরে তাঁর সম্পত্তিতে নির্মিত বীর নিবাসে বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করার পর সরেজমিনে যাচাই করা হয়। তবে স্থানীয় তিন ব্যক্তি সংযোগ স্থাপনে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে অভিযুক্ত হিসেবে মো. আমানুল্লাহ, মো. মিজানুর রহমান ওরফে মিজান এবং মীর মোহাম্মদ ওরফে মিরুর নাম উল্লেখ করা হয়েছে। ইছাহাক আলীর দাবি, একাধিকবার অনুরোধ করেও তিনি বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি। তাই অভিযুক্তদের নোটিশ প্রদান অথবা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ইসাহাক আলী জানান, এর আগেও সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে অভিযোগ জানিয়েও সমাধান পাননি তিনি। এমনকি কেউ গুরুত্ব দেননি। সরেজমিনে কেউ পরিদর্শনেও যাননি। দেশের জন্য যুদ্ধ করে আজ দেশের নাগরিক সুবিধা থেকে আমি বঞ্চিত।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে মো. আমানুল্লাহ বলেন, তাঁর বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি আপত্তি জানিয়েছেন। তাঁর ভাষ্য, মুক্তিযোদ্ধার পাড়ায় একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করা হলে চারটি বাড়িতে সংযোগ দেওয়া সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।