

দিনাজপুর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা প্রতিহিংসার কারাগারে বন্দি আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন । গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সমাবেশে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। পরিবার ও দল থেকে বারবার আবেদন করার পরও সরকার কোনো কথা শুনছে না। প্রতিহিংসার আগুনে জ্বলছেন তিনি। আইনের নয়, প্রতিহিংসার কারাগারে আবদ্ধ বেগম খালেদা জিয়া। সবাই ঐক্যবদ্ধভাবে এখনই তাকে মুক্তির জন্য আন্দোলনে নেমে পড়তে হবে।
জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপির বিভিন্ন নেতারা।
