×

ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় মো. আব্দুর রাজ্জাক (৪৮) ও মো. জাহাঙ্গীর আলম (৬৩) নামে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে থানা-পুলিশ।
আজ বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায় আটক আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
আটক আব্দুর রাজ্জাক ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় কিশোর লাইব্রেরির মালিক, একজন বই ব্যবসায়ী। অপর আটক ব্যক্তি জাহাঙ্গীর আলম বারকোনা (স্টেশনপাড়া) এলাকার মৃত নায়েব আলীর ছেলে। তিনি রেলওয়ে স্টেশনের একটি চায়ের দোকানে চা বিক্রি করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আটক দুই ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় কর্মী। বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে তাঁদের আটক করা হয়েছে। আটক দুজনকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য ২০২৫ সনের ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ততকালিন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।