×

দিমেক হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শেষে মেডিকেল কলেজ হাসপাতালে স্টোর কিপার নুর আলম সিদ্দিকী বাবু ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুর রউফের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।
আজ সোমবার দুপুরে দিনাজপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানারে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ব্যানারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট ও আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি তুলে ধরা হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
তিনি বলেন, বাংলাদেশ একটি অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলেছে। আমরা মনে করেছিলাম, চব্বিশের গণ-আন্দোলনের পর বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান হয়তোবা নিয়মতান্ত্রিকভাবে চলবে। কিন্তু দীর্ঘ দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এই অব্যবস্থাপনার কোনো সমাধান হয়নি। আমরা অপেক্ষা করেছিলাম জনগণের নির্বাচিত সরকার আসার পর অবশ্যই এই দুর্নীতিবাজ এবং লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, আমাদের প্রাণের প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো সেই সিন্ডিকেট ও অনিয়ম বহাল রয়েছে।
তিনি বলেন, আজ যখন প্রধানমন্ত্রী তারেক রহমান গোটা বাংলাদেশকে একটি উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে হঠাৎ করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো নাশকতা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় সেই অগ্নিসংযোগ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এবং আমাদের কাছে প্রমাণ আছে—দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সকল দুর্নীতিবাজ ও লুটেরা আওয়ামী সিন্ডিকেটের নামে আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি, তারাই লুটপাটের অর্থ দিয়ে এই অগ্নি-সন্ত্রাসের টাকা জোগান দেয়।
আমরা এই দুর্নীতিবাজ এবং সিন্ডিকেটকে এখান থেকে সরাতে চাই! তবে মনে রাখবেন—এদেরকে খালি বদলি করলে চলবে না; এদেরকে স্থায়ীভাবে ছাঁটাই করতে হবে, চাকরি থেকে বরখাস্ত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।
মহিউদ্দিন বকুল বলেন,আমরা হতাশ নই, কারণ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি ব্যবস্থাপনা কমিটি আছে। সেই কমিটির ওপর পূর্ণ আস্থা রেখেই আজকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান করতে এসেছি। আমরা আস্থা রাখতে চাই, কারণ দিনাজপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতির দায়িত্বে আছেন। আমরা আস্থা রাখতে চাই, কারণ দিনাজপুর সদরের মাটি ও মানুষের নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম এই ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতির দায়িত্বে আছেন। আমরা আরও আস্থা রাখতে চাই এই ব্যবস্থাপনা কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং এই ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য, দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-এর ওপর।
আজ পরিচালক মহোদয়ের অনুপস্থিতিতে এখানে উপস্থিত সহকারী পরিচালক (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) এবং দায়িত্বরত কর্মকর্তাদের হাতে আমরা এই স্মারকলিপিটি দেব। এরপর আমরা দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) মহোদয়ের বরাবর একটি স্মারকলিপি দেব। পর্যায়ক্রমে আমরা দিনাজপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম বরাবর, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) বরাবর এবং জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান করব।
পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়ার পর আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট আল্টিমেটাম দিয়ে যেতে চাই—আমাদের এই স্মারকলিপি গ্রহণ করার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রতিষ্ঠানের কথিত দুইজন মূল হোতাসহ যে সকল দুর্নীতিবাজ ও লুটেরা আওয়ামী সিন্ডিকেট ব্যবহার করে অগ্নি-সন্ত্রাসে অর্থ জোগান দিচ্ছে, তাদেরকে কোনো প্রকার বদলির নাটক না করে স্থায়ীভাবে ছাঁটাই ও চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা দিনাজপুরের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো বলে হুশিয়ারি উচ্চারণ করেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
বক্তব্য শেষে একটি লিখিত স্মারকলিপি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের সহকারী পরিচালক এর হাতে তুলে দেন। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর কিপার নুর আলম সিদ্দিকী বাবু ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.আব্দুর রউফের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদল নেতা নুর আলম খোকন,মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী এবং দিনাজপুরের সচেতন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।