

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ইশানিয়া শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা।
আজ সোমবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবিব এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সরকার, হারেসুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব রায়হান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল, ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর শাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের বিদ্যমান ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারণকাজ সম্পন্ন হলে শ্রেণিকক্ষের সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
