

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে থানার সম্মুখে অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মন্ডল ও মিজানুর রহমান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, পৌর বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি নেতা আবু শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহাবুব আলম মিলন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি তোফায়েল আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি তোফায়েল আহম্মেদ প্রমুখ। সবশেষে কেক কাটার মধ্যদিয়ে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়।
