×

নন্দীগ্রামে আ.লীগের মশাল মিছিল, গ্রেফতার-১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে পালিয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রনবাঘা বাইপাস এলাকার একটি সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল বের করেন। মিছিল চলাকালে তাঁরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানা গেছে। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে তাঁরা মিছিলকারীদের ধাওয়া করলে মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও একই রাতে বিস্ফোরক মামলায় সদর ইউনিয়নের রনবাঘা কইগাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ওমর ফারক (৩৫) কে কৈডালা এলাকা থেকে গ্রেফতার করে গ্রেফতার করে পুলিশ। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল.আর. বলেন, ‘আমরা তখন অফিসের ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত বাইরে বের হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া করি। এ সময় তাঁরা কয়েকটি মশাল ফেলে পালিয়ে যান। তিনি আরও বলেন, কোনো অপশক্তি যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে।এদিকে ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তাঁরা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।