

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন খাজাপুর একরামিয়া বহুমুখী ফাযিল মাদরাসার বিরুদ্ধে একটি সুবিধাবাদী মহলের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।
আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর গ্রামে মাদ্রাসার ফটকে ঘন্টাব্যাপী বৃষ্টিতে ভিজে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে দু শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন মাদরাসা সংলগ্ন এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান, আব্দুর রহমান, জায়েদুর রহমান পলিন, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান সহ অনেকে।
বক্তারা বলেন, খাজাপুর একরামিয়া বহুমুখী ফাযিল মাদরাসাটি এই এলাকার একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৫সালে এই এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে এই মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। মাদরাসার বর্তমান অধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমান ২০১১ সালে যোগদান করেন। তাঁর যোগদানের আগে মাদরাসার অবস্থা অনেক খারাপ ছিলো। যোগদানের পর থেকে মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সম্প্রতি কিছু সুবিধাবাদী ও স্বার্থান্বেষী ব্যক্তি তাঁর ও মাদরাসার সম্মান ক্ষুন্ন করে কিছু হাস্যকর অভিযোগ দিয়েছেন মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক (সার্বিক) দিনাজপুর এসএম হাবিবুল হাসান এর নিকট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, যারা মাদরাসার সাথে কোন ভাবেই যুক্ত নয় হঠাৎ তারা মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। অভিযোগকারীরা ম্যানেজিং কমিটির কেউ নয়, কোন শিক্ষার্থীর অভিভাবকও নয়। কোন কোন ক্ষেত্রে এই এলাকার বাসিন্দাও নয়। মূলত এই মাদরাসার ফলাফল ভালো করতে অধ্যক্ষ সাহেব কিছু শিক্ষকের ফাঁকিবাজী বন্ধে কঠোর হওয়ায় তারা বহিরাগত কিছু সুবিধাবাদী ব্যক্তিকে দিয়ে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ তুলো মাদরাসা ও অধ্যক্ষের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এছাড়া গঠন হতে যাওয়া মাদরাসার কমিটিতে পছন্দের ব্যক্তিদের পদে নিতে অধ্যক্ষকে চাপে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে।

বক্তারা বলেন, লিখিত অভিযোগে প্রায় ৩০ জনের স্বাক্ষর নেয়া হলেও অধিকাংশ স্বাক্ষরদাতা কমিটি গঠন হবে মর্মে স্বাক্ষর করেছেন। অভিযোগ দাখিলের ব্যাপারে তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমান জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। মূলত কিছু শিক্ষকের ফাঁকিবাজী বন্ধে আমার কার্যকর ভূমিকা ও নতুন কমিটিতে পছন্দের ব্যক্তিদের জায়গা পেতে একটি মহল আপ্রাণ চেষ্টা করছে। তারাই বিভিন্নভাবে আমার ও মাদরাসার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে।
অভিযোগ সম্পর্কে ম্যানেজিং কমিটির সভাপতি এডিসি (সার্বিক) দিনাজপুর এসএম হাবিবুল হাসান জানান, খাজাপুর একরামিয়া বহুমুখী ফাযিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। তদন্ত চলমান রয়েছে।#
