×

হাট কাঁপাতে প্রস্তুত দিনাজপুরের সম্রাট, ওজন ৩০ মণ

 

নিজস্ব প্রতিবেদক
আসন্ন কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত দিনাজপুরের সম্রাট! তবে এ সম্রাট কোনো রাজাদের সম্রাট নয়। এ হলো কোরবানির জন্য প্রস্তুত করা সুঠাম দেহের একটি ষাঁড়ের নাম। কালো-ধূসর রঙের ষাঁড়টির শরীরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট। ওজন প্রায় ৩০ মণ অর্থাৎ ১১শ কেজিরও বেশি। সম্রাটের দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা।
শাহীওয়াল ও ফ্রিজিয়ান ক্রস জাতের ষাঁড়টি দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে লালন-পালন করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন মধ্যদুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। শুধু সম্রাট নয়, আরও ১০টি গরু লালন-পালন করেছেন তিনি।
ওই খামারেই প্রায় দুই বছর আগে শাহীওয়াল জাতের গাভী থেকে জন্ম নেয় সম্রাট। শহীওয়াল ও ফ্রিজিয়ান ক্রস জাতের ষাঁড়টিকে সম্রাটের মতোই লালন-পালন করেছেন বলে নাম রেখেছেন ‘দিনাজপুরের সম্রাট’। বিশাল আকৃতির ষাঁড়টি হাটে আনা-নেওয়া করা কষ্টকর, তাই বাড়ি থেকেই সম্রাটকে বিক্রির চেষ্টা করছেন বলে জানান রাজ্জাক।
সম্রাটের মালিক আব্দুর রাজ্জাক বলেন, জন্মের পর সম্রাটকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল ও ভুষি, ভুট্টার আটা, খুদির ভাত, খৈল, ধানের গুঁড়া ও চিটা গুড় খাইয়ে লালন-পালন করছেন। মাঝে-মধ্যে কাঁচাকলা, গাজর, আপেলসহ বিভিন্ন মৌসুমি ফলও খাওয়ানো হয়। থাকার জায়গায় ২৪ ঘণ্টা ফ্যান দেওয়া রয়েছে। প্রতিদিন ২/৩ বার গোসল করাতে হয়।
আব্দুর রাজ্জাক আরও বলেন, সম্রাটের দাম ১২ লাখ টাকা চাওয়া হলেও বাজারের অবস্থা ও ক্রেতার চাহিদা বিবেচনায় দাম করার সুযোগ রয়েছে। আকারে অনেক বড় হওয়ায় বাড়ি থেকেই বিক্রি করার ইচ্ছা রয়েছে। এক্ষেত্রে দাম কিছুটা কম হলেও বিক্রি করবেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।