

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
পরিবেশ ভালো রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো দরকার। সেই চিন্তাভাবনা করে বর্তমান সরকার আপনাদের গাছ দিচ্ছে। গাছটি ঝড় বাতাসে যেন হেলে না পরে তাই গাছটি শক্ত করে বাঁধার জন্য বাঁশের প্রয়োজন সেই বাঁশটিও সরকার দিচ্ছেন। অর্থাৎ আপনাকে আমাকে বুঝতে এই গাছটির পরিপূর্ণ যত্ন নেওয়ার দ্বায়িত্ব আপনার আমাদের। এই গাছটি যখন বড় হবে এবং ফল দিবে, কাঠ দিবে সব উপকার কিন্তু আপনি আপনারাই ভোগ করবেন বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কৃষি প্রণোদনার সার,বীজ এবং অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বিএনপি ভোটের আগেই বলেছে, আমরা কথায় কাজে বিশ্বাসী। আপনার সন্তান স্কুলে যাবে তাদের সুবিধার জন্য সরকার বাইসাইকেল দিচ্ছে। কৃষক ভাইদের জন্য কৃষি প্রণোদনার বিনামূল্যে সার, বীজ দিচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ গরীব ও দুস্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে সরকার। এতো কিছু করার কিছু কুচক্রী মহল গোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে। তবে কোন লাভ হবে না। কারণ বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের সরকার। তাই আসুন জনগণের সাথে মিশে আমাদের মাননীয় মন্ত্রী তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়তে সবাই সহযোগিতা করি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হাকিমপুরের সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, মো. কামাল হোসেন।
এসময় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য গরীব মেধাবী ৫৮ জন শিক্ষার্থীকে ২ লাখ ৫৬ হাজার টাকা অনুদানের চেক বিতরণ, এডিপির অর্থায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ ৪৩ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন।
