

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টায় বার্ধক্য জনিত নানাবিধ শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বুধবার দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে তাঁর নিজস্ব পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। প্রয়াত এই নেতার বড় ছেলে অরবিন্দু রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তৃণমূল থেকে উঠে আসা বাবু সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই দেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি সক্রিয় ভাবে রাজনীতিতে যুক্ত হন। পেশাগত জীবনে শিক্ষকতা করা এই মানুষটি স্বাধীনতা উত্তর বাংলাদেশে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রি সভায় তিনি অত্যন্ত সফলতার সাথে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে পূর্ণ মন্ত্রী হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তিনি এক যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন বলে জানা গেছে।
একজন সৎ, পরিচ্ছন্ন ও চিরকাল জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণ যোগ্যতা ছিল আকাশচুম্বী। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নির্বাচনী এলাকা বিরল-বোচাগঞ্জসহ গোটা দিনাজপুর জেলা জুড়ে এক গভীর শোকের ছায়া নেমে আসে।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুর সংবাদ শুনে রাতেই তার বাড়ীতে উপস্থিত হন বোচাগঞ্জ- বিরল আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বাবু সতীশ চন্দ্র রায়ের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহযোদ্ধা এবং রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তাঁর পরিবার ও শুভাকাঙক্ষীরা বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ চেয়েছেন।
