

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি।
অনুষ্ঠানে ডা. সোলাইমান মেহেদী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন কর্মকর্তা-কর্মচারী বদলি ও অবসরজনিত কারণে বিদায় নেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
এর আগে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম, চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সিভিল সার্জনের পরিদর্শন ও বিদায় সংবর্ধনা ঘিরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
