×

বাসের চাকায় শেষ হলো হিসাব রক্ষকের জীবনের হিসাব

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক কলেজের হিসাবরক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকার মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, সকালে গোলাম রব্বানী তার সন্তানকে সাদুল্লাপুরের আশ শিফা মাদরাসায় রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।