×

কাহারোলে অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে প্রায় চার মাস আগে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ মে কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর আশ্রমঘাট এলাকায় ঢেপা নদীর তীরে ভদ্রকালী মন্দিরের দক্ষিণ পাশে একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত হয়। নিহত মেহেদী হাসান (২৬) ঝিনাইদহ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের রবিউল ইসলামের ছেলে।
তদন্তে পুলিশ জানতে পারে, শিল্পী আক্তার ওরফে লিমার সঙ্গে মেহেদীর মোবাইল ফোনে পরিচয় হয়। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হলে মেহেদী কিছু ভিডিও ধারণ করেন এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিল্পীর কাছে টাকা দাবি করতেন বলে পুলিশের দাবি।

গত ২৫ মে মেহেদী ঝিনাইদহ থেকে দিনাজপুরে শিল্পীর বাড়িতে আসেন। পরে দুই লাখ টাকা দাবি করাকে কেন্দ্র করে শিল্পী তার স্বামী আব্দুল মমিন মণ্ডল রকিকে বিষয়টি জানান। এরপর দুজন মিলে টাকা দেওয়ার কথা বলে মেহেদীকে কাহারোলের আশ্রমঘাট এলাকায় নিয়ে যান। সেখানে তাকে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঢেপা নদীতে ফেলে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
গ্রেপ্তার দুজন হলেন—শিল্পী আক্তার ওরফে লিমা (৩২) ও তার স্বামী আব্দুল মমিন মণ্ডল রকি (৩৮)। দুজনের বাড়ি দিনাজপুর কোতোয়ালি থানার সদরপুর গ্রামে।
কাহারোল থানার ওসি সেলিমুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর কাহারোল থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা করা হয়েছে।