

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রওজাতুল আতফাল হিলি নূরানী একাডেমির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. সাব্বির আহমাদের সঞ্চালনায় বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল ওয়াহাব (দা.বা.) এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, শাইখুল হাদিস মাওলানা মো. মুহিউদ্দিন, মুহাদ্দীস মাওলানা মো. বোরহান উদ্দিন, হাফেজ মো. শহীদুল ইসলাম ও সাংবাদিক জাহিদুল ইসলাম।
আয়োজকরা জানান, দ্বিতীয় শ্রেণির ৮১ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারিমের সবক প্রদান করা হয়েছে। এছাড়া দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদেরও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে পবিত্র কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। তাহলে নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখবে।
