×

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো’র নির্মাণকাজের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা ব্যয়ে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।
জেলা পরিষদ, বগুড়ার অর্থায়ন ও বাস্তবায়নে নির্মিতব্য এ আধুনিক ডাকবাংলো ভবনটি নন্দীগ্রামের অবকাঠামোগত উন্নয়নে নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দাপ্তরিক কাজে আসা অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসন ও দাপ্তরিক প্রয়োজনে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহ এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালার পর তিনি ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) গোলাম মো. শাহনেওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু।
উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু ও গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা ও কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হাকিম রিন্টু উপস্থিত ছিলেন।
এ ছাড়া ২ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদ, বগুড়ার অর্থায়নে ও বাস্তবায়নে নির্মিতব্য আধুনিক ডাকবাংলো ভবনটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে নন্দীগ্রাম উপজেলা পরিষদ এলাকায় সরকারি অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং দাপ্তরিক প্রয়োজনে আগত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় পর্যায়ে সরকারি অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের পরিবেশ উন্নত করার ক্ষেত্রে আধুনিক এ ডাকবাংলো ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।