

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কর্তৃক ফুলবাড়ী কয়লাখনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সময় এসেছে- এমন বক্তব্যের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন, ফুলবাড়ী উপজেলা শাখা।
আজ রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালেব পাপ্পু।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব কথা বলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা মনে করি, মন্ত্রীর এই বক্তব্য ফুলবাড়ীর মানুষের দীর্ঘদিনের উদ্বেগ, আন্দোলন-সংগ্রাম এবং ২০০৬ সালের রক্তাক্ত ইতিহাসকে উপেক্ষা করার শামিল। ফুলবাড়ী শুধু কয়লার মজুত নয়; এটি মানুষের বসতভিটা, কৃষিজমি, জীববৈচিত্র্য, ভূগর্ভস্থ পানিসম্পদ এবং লাখো মানুষের জীবন-জীবিকার জনপদ।
২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে আমিন, সালেকিন ও তরিকুলের আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে সম্পাদিত ছয় দফা চুক্তি ফুলবাড়ীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন না করে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও জানান, আধুনিক প্রযুক্তির দোহাই দিয়ে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখার আশ্বাস দিলেই ফুলবাড়ীর মানুষের উদ্বেগ দূর হবে না। উন্মুক্ত খনির সম্ভাব্য প্রভাব শুধু খনির নির্ধারিত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর সঙ্গে জড়িয়ে আছে পানি, কৃষি, পরিবেশ, জনবসতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, জ্বালানি নিরাপত্তার অজুহাতে ফুলবাড়ীর মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যাবে না। জাতীয় সম্পদের ব্যবহার হতে হবে জনগণের স্বার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং স্থানীয় জনগণের মতামত ও সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।
গণসংহতি আন্দোলন, ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের দাবি: ১. ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা ও উদ্যোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২. ২০০৬ সালের ছয় দফা চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। ৩. ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জি তথা জিসিএম রিসোর্সের সব ধরনের কার্যক্রম ও সম্পৃক্ততা বন্ধ করতে হবে। ৪. ফুলবাড়ীর প্রাণ-প্রকৃতি, কৃষিজমি, পানিসম্পদ ও মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫. ফুলবাড়ীর ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও সম্মতিকে প্রাধান্য দিতে হবে।
আমরা সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান জানাই, ফুলবাড়ীর মানুষের আবেগ, অধিকার ও ঐতিহাসিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে এই বক্তব্য ও পরিকল্পনা পুনর্বিবেচনা করুন।
আমরা ফুলবাড়ীর মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। ফুলবাড়ীর মাটি, মানুষ, পানি, প্রকৃতি ও জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে গণসংহতি আন্দোলন রাজপথে সোচ্চার থাকবে।
আমাদের স্পষ্ট অবস্থান- ফুলবাড়ীতে কয়লার নামে ধ্বংসযজ্ঞ নয়, উন্নয়নের নামে বাস্তুচ্যুতি নয়, ফুলবাড়ীতে ফুল ফুটুক, খনির গর্ত নয়।
