×

হাতকড়াসহ পালানো আসামী ১৪ ঘন্টা পর গ্রেপ্তার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা হাতকড়া সহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার ১৪ ঘন্টা পর আবারও গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মোশারফ হোসেন (২৪) নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. মছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে মোশারফকে গ্রেপ্তারে হাকিমপুর থানার পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে এক হাতে হাতকড়া পরিয়ে পিকআপ ভ্যানে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। কিছুক্ষণ পর তাকে নিয়ে পিকআপ ভ্যানটি থানার গেটে প্রবেশের পরপরই মোশাররফ পিকভ্যান থেকে নামার সময় দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তার পিছু নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ এঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার বিকেল ৩টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়। পরে ওই এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশাহ আলম ঘটনার সত্যতা স্বীকার জানান, গ্রেপ্তারকৃত মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালে নাশকতা করার অভিযোগে থানায় মামলা রয়েছে। সে ওই মামলার আসামী ছিল। বিকেলেই তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।