×

পীরগঞ্জে করতোয়ার দুই পাড়ে ৩ লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাটে সেতু না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে এসব ঘাটে নৌকায় ও কলাগাছের ভেলায় নদী পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারী, কৃষক, শ্রমজীবী মানুষ ও বরযাত্রীদের। নদী পারাপারে নৌকা ও ভেলার উপর নির্ভরশীল এসব এলাকার মানুষের কাছে সেতু না থাকা যেন দুর্ভোগের আরেক নাম।
করতোয়া নদী রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিভক্ত করে প্রবাহিত হয়েছে। নদীর ১১ টি ঘাটের মধ্যে তিনটি স্থানে সেতু নির্মাণ করা হয়েছে। তবে বাকি গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে সেতু না থাকায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও নৌকায়, আবার কোথাও বাঁশের সাঁকো কিংবা অস্থায়ী ব্যবস্থায় কলাগাছের ভেলায় নদী পারাপার হতে হচ্ছে তাঁদের।
উপজেলার চতরা ইউনিয়নের চক গোলবাড়ী সাতপাড়া ঘাট, কুমারপুর ঘাট, কুয়েতপুর হামিপুর ঘাট, কুলানন্দপুর ঘাট, বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুরের ঘাট, রামনাথপুর শালিকাদহ ঘাট, শালপাড়া ঘাট এবং টুকুরিয়া ইউনিয়নের জাতের ঘাট গুরুত্বপূর্ণ পারাপারের স্থান হিসেবে পরিচিত। এসব ঘাট দিয়ে প্রতিদিন তিন উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। নৌকায় গরু-ছাগল, নছিমন, ভ্যান, রিকশা ও মোটরসাইকেল পারাপারের ঘটনাও ঘটে। ফলে নানা ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় তাদের।
সোমবার দুপুরে একটি ঘাটের মাঝি মনোয়ারের সঙ্গে কথা হলে তিনি জানান, নৌকার মাধ্যমে নিয়মিত মানুষকে নদী পারাপার করা হয়। তবে পারাপারের সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। বড় ধরনের দুর্ঘটনা তুলনামূলক কম ঘটলেও যখন নদীতে পানি বেশি থাকে তখন ঝুঁকি থেকেই যায় ।
স্থানীয়রা জানান, করতোয়া নদীর একটি বড় অংশ পীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর দুই পাড়ে তিন উপজেলার মানুষের কৃষিজমি থাকায় চাষাবাদের প্রয়োজনে কৃষকদের নিয়মিত নদী পারাপার হতে হয়। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ নানা কাজে মানুষ এসব ঘাট ব্যবহার করেন। দিন দিন জনসংখ্যা ও যাতায়াতের চাপ বাড়লেও স্থায়ী সেতু নির্মাণের অভাবে দুর্ভোগ বেড়েই চলেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে সেতু নির্মাণ করা হলে তিন উপজেলার মানুষের যাতায়াতব্যবস্থা সহজ হবে। কৃষকেরা দ্রুত তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবেন। এতে কৃষিপণ্য পরিবহন, আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। পাশাপাশি তিন উপজেলার মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ স্থাপিত হবে।
পথচারী আকমল হোসেন , আশিকুর রহমান ও সাজেদুল বারী বলেন, এসব ঘাটে সেতু নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। বর্তমানে নদী পারাপারে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনে নানা সমস্যার মুখে পড়তে হয়। স্থায়ী সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত হবে। নৌকার মাঝিরা জানান, প্রতিবছর সরকারি নিয়মে ঘাটগুলো ইজারা দেওয়া হয়। নির্ধারিত প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে এক বছরের জন্য ঘাটের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এসব ঘাট দিয়ে নৌকায় পারাপারের জন্য যাত্রীদের নির্ধারিত অর্থ দিতে হয়।
চতরা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বর নুর মোহাম্মদ গোল্লা বলেন, তাঁর গ্রামের বাড়ি করতোয়া নদীর তীরে। ফলে নদী পারাপারের কষ্ট তিনি হাড়ে হাড়ে উপলব্ধী করেন। একজন রোগীকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রয়োজন হলেও অনেক সময় ঘাটে নৌকা থাকলেও মাঝি পাওয়া যায় না। আবার মাঝি ও নৌকা দুটোই থাকার পরেও অপেক্ষা করতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়। এছাড়া ব্যবসায়ীরা সময়মতো মালামাল মোকামে নিতে পারেন না। এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে সেতু নির্মাণ করা প্রয়োজন। এতে কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সব শ্রেণি পেশার মানুষ উপকৃত হবেন।
সচেতন মহল ও শিক্ষকদের মতে টাকা দিয়ে নদী পারাপার হতে হলেও অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। নৌকায় পর্যাপ্ত যাত্রী না উঠলে মাঝিরা অনেক ক্ষেত্রে নৌকা ছাড়তে চান না। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়। জরুরী প্রয়োজনে নদী পারাপারেও ভোগান্তি পোহাতে হয়। তাঁদের মতে, করতোয়া নদীর গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমীক্ষা করে এসব স্থানে সেতু নির্মাণের উদ্যোগ নিলে বর্নিত তিন উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।