

পঞ্চগড় প্রতিনিধি
তাবলিগ জামাতের সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জানিয়ে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে ঈমান আকিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি। আজ সোমবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঈমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান আকিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন ও সদস্য আব্দুল বারী বক্তব্য দেন।
বক্তারা বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আকিদা রক্ষা করার জন্য কাজ করছি। কিন্তু তাবলিগের নামে ভুল আকিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে।”
তাঁদের দাবি, সাদপন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। বক্তাদের ভাষ্য, সাদপন্থীদের বক্তব্য অনুযায়ী কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা ব্যভিচারী নারীর উপার্জন থেকে নিকৃষ্ট। এ ছাড়া ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের হতাহত ও ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
সাদপন্থীদের কর্মকাণ্ড থেকে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষায় তাঁদের ইজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, দাবির পরও প্রশাসন ইজতেমা বন্ধ না করলে এবং জেলার আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান আকিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
