×

দোকানের বকেয়া টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ গেল দোকানির, আটক ১

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বাঁকির বকেয়া টাকা চাইতে গিয়ে খদ্দেরের মারধরের শিকার হয়ে জাকিরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৮ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে। নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে।
এ ঘটনায় আজ সোমবার (৯ নভেম্বর) সকালে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং ৮। এদিকে ঘটনার পর রাতেই এলাকাবাসীর সহযোগীতায় মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক মাহবুর পুটকিয়া গ্রামের মহসিন আলীর ছেলে।
পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে বাড়ির সামনে একটি মুদিখানার দোকান করেন জাকিরুল ইসলাম। রোববার (৮ নভেম্বর) রাত ৯ টার দিকে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুর নামে তিন ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় খদ্দেরের মারধরে গুরুতর আহত হয় দোকানদার জাকিরুল ইসলাম। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগীতায় মাহাবুর (২১) নামে একজনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ। বাকিরা পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী রোজিনা বেগম । তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বামী হত্যার ন্যায়বিচার দাবি করেছেন।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মাহাবুর (২১) নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।