শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সারিবদ্ধ ভ্যানের উপরে কাভার্ড ভ্যান, নিহত ২

ঘোড়াঘাট প্রতিনিধি
রাস্তার ধারে সাড়িবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলো ১০-১২ টি ভ্যান। হঠাৎ মহাসড়ক দিয়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে দাঁড়িয়ে থাকা এসব ভ্যানের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন বৃদ্ধ। আহত হয় আরো ৪ জন। আজ সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ড ভ্যান এবং এর চালককে।
নিহত দুজন হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।  অপরদিকে আটক কাভার্ড ভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫-৭টি ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস সদস্যরা। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This