শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে নাগালের বাইরে বিদেশি ফলের দাম, বিপাকে ভোক্তারা

 

বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে আমদানি করা ফলের দাম। যথাযথ বাজার মনিটরিং না থাকায় বিদেশি ফল আঙুর, আপেল, মাল্টাসহ কমলার দাম প্রতিনিয়ত বাড়ছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এসব ফল। আজ (সোমবার) বীরগঞ্জ শহরের পুরানো শহীদ মিনার(বিজয় চত্বর), তাজ মহল সিনেমা মোড় ও ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখা যায়, বছরের ব্যবধানে কেজিতে মাল্টার দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। এছাড়া আঙুর ২০০ টাকা ও লাল আপেল ১২০ টাকা পর্যন্ত বর্ধিত দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ডলার সংকট, সরকারি ট্যাক্স ও সঠিক সময়ে দেশে পণ্য না আসায় ফলের দাম বেড়েছে। প্রতিকেজি মাল্টা ৩২০ টাকা, সবুজ আঙুর ৬০০টাকা, কালো আঙুর ৫০০ টাকা ও অস্ট্রেলিয় আপেল ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দিলসান জাতের লাল আপেল ৩৫০ টাকা, সবুজ আপেল ৩৮০ টাকা ও চায়না ফুজি আপেল বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। মানভেদে আনার ৬০০-৬২০ টাকা, কমলা ৩৬০-৩৮০ টাকা, নাশপাতি ৩৮০ ও  ড্রাগন ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বছর খানেক আগেও প্রতিকেজি মাল্টা ২২০ টাকা, সবুজ আপেল ২৮০-৩০০ টাকা, লাল আপেল ২৮০-৩০০ টাকা, অস্ট্রেলিয়ার আপেল ২৮০, সবুজ আঙুর ৩০০ টাকা ও কালো আঙুর ৩৮০ টাকায় বিক্রি হয়েছে। বিজয় চত্বরে ফল কিনতে আসা আপন ইসলাম বলেন, ‘কয়েক মাস আগেও ২৫০ টাকা কেজি দরে আঙুর কিনেছি। ওরা এখন বলছে ৫৫০ টাকা। মাল্টার দামও অনেক বেশি। আপেল ছিল ১৮০-১৯০ টাকা। এখন ৩২০ টাকা বলছে। আগে যদি মানুষ ফল কিনতো ৩-৪ কেজি, এখন কেনে এক কেজি। আল্লাহ্ যেভাবে সাধ্য দিয়েছে এখন সেইভাবেই খাবো।’ শ্রমজীবী (লেবার) সিদ্দিক হোসেন বলেন, ‘বাসায় হঠাৎ করে মেহমান আসছে। তাই দুইটা আপেল, দুইটা কমলা, দুইটা মাল্টা কিনলাম। ফলের যে দাম, আমরা সাধারণ মানুষদের সাধ্য হয় না এই ফল কিনে খাওয়ার।’
পৌরশহরের ফল ব্যবসায়ী নওশাদ হাসান, নিলয় ইসলাম বলেন, ‘আমরা যে দামে কিনি তার চেয়ে ১৫-২০ টাকা বাড়িয়ে বিক্রি করি। আমাদের বেশি দামে কেনা পড়ে। এজন্য একটু বাড়িয়েই বিক্রি করতে হয়।’ ফল ব্যবসায়ী এরশাদ বলেন, ‘পণ্যের দাম অনেক বেশি। এজন্য সেরকম ক্রেতা নেই। আগে রিকশাওয়ালাও পরিবারের জন্য ফল কিনতো। এখন সাধারণ মানুষতো দূরের কথা, বড় বড় সরকারি চাকরিজীবীরাও ২-৩ কেজি ফল কেনেন না।’

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This