শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমদানি স্বাভাবিক থাকলেও হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বন্দরে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। তিন থেকে চার দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। অন্য দিকে দেশি পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে আমদানিকৃত পেঁয়াজের দামে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। আজ (রোববার) সকালে হিলি স্থলবন্দর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দোকানে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকলেও আগের তুলনায় একটু কম। আজ হিলি বাজারে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকা।
হিলি পানামা পোর্ট এর তথ্য মতে, গত শনিবার ২৬ অক্টোবর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৪টি ট্রাকে ৯৯১ টন ইন্দোর, নাসিক, সাউথ ও নগর জাতের পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজের মধ্যে নাসিক জাতের পেঁয়াজ বন্দরে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে, যা তিনদিন আগেও ৯০ থেকে ৯৫ টাকা কেজি ছিল। সাউথ ও নগর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৮ থেকে ১০০ টাকা আর ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ টাকা কেজি দরে। যা তিনদিন আগেও বিক্রি হয়েছে ৮৫ টাকায়। আর বন্দর এলাকার খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। পেঁয়াজ কিনতে আসা সাইফুল বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের হঠাৎ করে দাম বেশি হওয়ায় আমরা বিপাকে পড়েছি। গত বৃহস্পতিবার পেঁয়াজ কিনলাম ৮৫ টাকায় আজ কিনতে হচ্ছে ১০০ টাকায়। হিলি স্থলবন্দরের পাইকারি ব্যবসায়ী মঈনুল হোসেন বলেন, বন্দরে কোন অযুহাত ছাড়াই আমদানিকারকরা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার বন্দরে পাইকারিতে যে-সব পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় কিনেছি গত শনিবার সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় কিনতে হয়েছে। হঠাৎ করে দাম বাড়ার কারণে আমাদের পেঁয়াজ কিনতে ও বিক্রি করতে সমস্যা হচ্ছে। আজ দেশী পেঁয়াজ ১৪০ টাকা কেজি বিক্রি করিতেছি এবং ভারতীয় পেঁয়াজ ১০০-১০৫ টাকা বিক্রি করতেছি। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু বলেন, দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এর সঙ্গে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের চাহিদাও দামের ওপর প্রভাব ফেলছে। দিপাবলি উপলক্ষে ভারতের পাইকারি আড়তগুলোতে ৮ দিন পেঁয়াজ কেনাকাটা বন্ধ থাকবে। ফলে পেঁয়াজের আমদানি ও সরবরাহ কিছুটা কমে যাবে। এ কারণেও দাম বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে দাম আবারো স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি জানান। হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৬ দিনে ভারত থেকে প্রায় ১০ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This