শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পটোল চাষে সফল পার্বতীপুরের সাজিদুর

পার্বতীপুর প্রতিনিধি
পটোল আবাদে খরচ কম, লাভ অনেক বেশি। মাটি থেকে দুই-তিন ফুট উঁচুতে তার-বাঁশের তৈরি সারি সারি মাচায় ঝুলছে পটোল। এক বিঘা নয় শতক জমিতে পটোল চাষে খরচ মাত্র ত্রিশ হাজার টাকা । এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার পটোল বিক্রি করেছেন কৃষক সাজিদুর রহমান। মাঠের চারিদিকে শুধু সবুজ পটোল ক্ষেত। প্রতিদিন এসব পটোল ক্ষেত পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। ভোর হলেই কৃষকরা জমি থেকে পটোল তুলে বস্তায় ভরে ভ্যান, অটোবাইক স্থানীয় বছিবাবানিয়া বাজার চাহিদা মিটিয়ে পিকআপ যোগে পার্বতীপুরসহ দিনাজপুর ও রংপুর মোকামে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার পটোলের বাম্পার ফলনের পাশাপাশি দামও বেশি হওয়ায় অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়ে কৃষকরা দারুণ খুশি। আবহাওয়া অনুকূলে থাকার কারণে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বড়হরিপুর পূর্ব ম্যারেয়া পাথার বিস্তৃর্ণ মাঠজুড়ে বিরাজ করছে পটোল। এলাকার কৃষক সাজিদুর রহমান জানান, তিনি এ মৌসুমে ১ বিঘা ৯ শতক জমিতে পটোলের আবাদ করেছেন। পটোল একটি দীর্ঘমেয়াদি ফসল। আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এ কারণে তার এলাকার কৃষকরা পটোল চাষে ঝুঁকে পড়েছেন। ভালো ফলন হওয়ায় তিনি এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার পটোল বিক্রি করেছেন। তার মতো এলাকার অর্ধশতাধিক কৃষক মাঠে পটোল আবাদ করেছেন। এ বছর বৃষ্টির পরিমাণ বেশি হলেও পটোলের কোনো ক্ষতি না হওয়ায় গাছ যেমন সবুজ ও সতেজ তেমন ফলনও বাম্পার হয়েছে। প্রতি সপ্তাহে ৪০ থেকে ৬০ কেজি পটোল তোলা যাচ্ছে। এবার পটলের বাজার দরও বেশি। তাদের এলাকার অনেক এখন পটোল আবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ রফিক জানায়, তাদের এলাকা সবজি চাষের জন্যে পরিচিত রয়েছে। বর্তমান পার্বতীপুর বাজারে প্রতি কেজি পটোল জমি থেকো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এলাকার অনেক কৃষক পটোল ছাড়াও অন্য সবজি আবাদ করে অর্থনৈকিভাবে স্বাবলম্বী।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন বলেন, পটোল আবাদে খরচ কম, লাভ বেশি হয়ে থাকে। যে কারণে দিন দিন পটলের আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে পটোল আবাদ হয়েছে। ওই এলাকার মাটি সবজি চাষের উপযোগী। সবসময় কৃষি বিভাগ কৃষকদের লাভবান করতে দিক নির্দেশনাসহ সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This