×

ফুলবাড়ীতে রোগাক্রান্ত ছাগলের মাংস বিক্রি, কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে রোগাক্রান্ত ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে মমিনুল ইসলাম নামের এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কসাই মমিনুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে পৌর শহরের মাংস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, স্যানিটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র রায় পৌর বাজারে অসুস্থ ছাগলের মাংস বিক্রির খবর পেয়ে বিষয়টি আমাকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানান। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন ইউএনও।
ওই কর্মকর্তা আরও বলেন, ছাগলের মাংস ও হৃদপিণ্ড পরীক্ষা করা হয়েছে। ছাগলটি রোগাক্রান্ত ছিল, এটি খাওয়ার অনুপযোগী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাংস বিক্রেতা মমিনুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জবাই করা ছাগলটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।