

বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের ভাদুরী বাজার শীববাড়ী এলাকার এক বৃদ্ধা ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় স্বর্গীয় জিতেন চন্দ্র রায়ের স্ত্রী ভাদুরী রানী রায় (৭৫) প্রতিদিনের মত বাড়ীর পার্শে ধান ক্ষেত থেকে ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়।
এসময় ভাদুরী রানীর চিৎকার শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করে দুপুর দেড় টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ ইজতিহাদ তাকে মৃত ঘোষণা করেন। নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, কালো রঙ্গের একটি সাপ ভাদুরী রানীর ডান পায়ে কামড় দিয়ে জড়িয়ে ছিল। চিৎকার দিয়ে পা ঝাঁকি দিলে সাপটি ধান ক্ষেতের ভিতর চলে যায়। এলাকাবাসী তাদের ভাষায় বলছে এটি একটি গোমা বা ডারাস সাপ হতে পারে। কোন মতেই এটি রাসেল ভাইপার নয়। কেননা, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ কামর দিয়ে সাথে সাথে পালিয়ে যায়। শুধু মাত্র গোমা বা ডারাস সাপ-ই কামর দিয়ে জড়িয়ে বা পেচিয়ে ধরে থাকে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার, জনসাধরণকে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন। তিনি জানান, বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ সাপের কামরের প্রতিশোধক অ্যান্টিভেনাম মজুত রয়েছে। সাপে কামড় দিলে রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।
