×

বিরলে বন বিভাগের ৩০ একর জমি উদ্ধার

বিরল প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বিটের ৩০ একর জমি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে বিরল ফরেস্ট বিটের কর্মকর্তা মো. মহসীন আলীর নেতৃত্বে স্থানীয় উপকারভোগীরা উদ্ধার করা জমিতে সামাজিক বনায়নের জন্য বিভিন্ন গাছের চারা রোপণ করেছেন।

ধর্মপুর বিট কর্মকর্তা মহসীন আলী জানান, বিরল থানা-পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিনের বেদখল হওয়া প্রায় ৩০ একর জমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ওই জমিতে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

মহসীন আলী আরও জানান, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপকারভোগীরা এর সুফল পাবেন। এরই ধারাবাহিকতায় ধর্মপুর বিটের বে-দখল হওয়া ৩৪৬ একর জমির মধ্যে পর্যায়ক্রমে এখন পর্যন্ত ১১০ একর জমি পুনরুদ্ধার করা হয়।

উদ্ধার করা জমিতে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে। এতে চারা রোপণ করা হয়েছে মোট ১ লাখ। ভবিষ্যতে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই বন কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, দিনাজপুর সদর রেঞ্জের কর্মকর্তা মান্নান হোসেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।