

হাবিপ্রবি প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ এর পরিপত্র বহালের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশের ডাক দেয় হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
শুক্রবার (৫জুলাই) দুপুর ৩ টা থেকে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে দলে দলে বিম্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মুখ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

উক্ত ছাত্রসমাবেশে “সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই” “দাবি মোদের একটাই, কোটার সংস্কার চাই” “কোটা না মেধা? মেধা মেধা ” ইত্যাদি বিভিন্ন স্লোগানের মাধম্যে কোটা পদ্ধতির সংস্কার চায় হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকে আমরা ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করার দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমাদের চার দফা দাবি রয়েছে। প্রথম দাবি হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, দ্বিতীয় দাবি হলো কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করতে হবে, পরের দাবি হলো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটার শূন্য আসনে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং আমাদের শেষ দাবি হলো দুর্নীতি মুক্ত, নিরপেক্ষ, মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
