×

ফুলবাড়ীতে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিনের টানা বৃষ্টিতে চার দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। গত চার দিন আগেও প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকায়। তা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

ফুলবাড়ী পৌর বাজারে ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট হওয়ার কারণে আমদানি কম হওয়ায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।

গতকাল সোমবার সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। চার দিন আগেও যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজিতে, সোমবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

জানা যায়, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর এর প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় মশলা জাতীয় পণ্যটির দাম বাড়ছে বলে বলছেন স্থানীয় সবজি ব্যবসায়ীরা। এদিকে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বাজার করতে আসা শাহিনুর ইসলাম নামের একজন ক্রেতা বলেন, দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ক’দিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। তা কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের চলা কঠিন হয়ে যাবে।

ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী শাহাজামাল ও উত্তম কুমার বলেন, কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের ক্ষেতে কাঁচা মরিচ নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী বাজারে কাঁচা মরিচ আমদানি হচ্ছে না। সেই কারণে বাহির থেকে বেশি দামে কাঁচা মরিচ কিনে আনতে হচ্ছে । স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ঘন বৃষ্টিতে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাচ্ছে, এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।