

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বড় চেরাগপুর গ্রামে হাসিবুর রহমানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচ মিনিটের ব্যবধানে একই বাড়িতে দুই জায়গায় আগুন লাগার কারণ প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসিবুর রহমানের সাথে ঝামেলা চলছে স্ত্রীর। তার স্ত্রী বাড়িতে আসলে ঝামেলা লেগে থাকে পরিবারে সাথে। অথচ স্ত্রী বাবার বাড়িতে গেলে ভালো থাকে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অল্প সময়ের ব্যবধানে দুই দফা আগুনে একটি বসতঘর, গরুরশেড, গরুসহ ঘরের আসবাবপত্র মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী হাসিবুর রহমান বলেন, প্রথম বার ঘরের ভেতরে লেপে আগুন লাগে। দ্রুত বিষয়টি টের পেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথম ঘটনার মাত্র পাঁচ মিনিট পর আবার বাড়ির গরুশেডে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করি। এসময় গরু রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মুসা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
