

নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ.হ.ম শামসুল মুক্তাদির ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। যা দলের সুনাম ক্ষুন্ন করেছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ ৫ মে থেকে কার্যকর হবে।
একই সাথে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হল।
উল্লেখ্য দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মামুন এর পারিবারিক কলহকে পুঁজি করে তাকে অপহরণসহ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ এর বিরুদ্ধে মামলা করেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী। এর প্রেক্ষিতে এনসিপি নেতা জাকিরের বিরুদ্ধে গত সোমবার সাংবাদিক সম্মেলন করেন ওই ব্যবসায়ী। সংবাদ সম্মেলনের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটি এই বহিষ্কার আদেশ প্রদান করেন।
