

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে সেচ ঘর থেকে এক কৃষকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত বুধবার রাতে মফিজার রহমান উমরপুর মাঠে বিএডিসির সেচঘরে পাহারায় যান। বৃহস্পতি বার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের হাত পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়| খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হবে।
