×

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করেন জাফরুল্লাহ। এসময় তিনি বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে, খবর পেয়ে দুদকের রংপুরের সহকারী পরিচালক একেএম নূর আলম সিদ্দিক ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি ভুয়া দুদক কর্মকর্তা জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক পরিচালক একেএম নূর আলম সিদ্দিক উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামীকাল ১১ মে গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গণ শুনানিকে কেন্দ্র করে একটি চক্র প্রতারণার মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকতে পারেন বলে তিনি ধারণা দেন। একই সাথে বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী জানান, ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, পুলিশ ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে মামলা করা হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।