

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার মাধবপুরে অবস্থিত মেসার্স এস আর ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটার চিমনী সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে জরিমানা করা হয়েছে দেড় লাখ টাকা।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩( সংশোধিত- ২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় মেসার্স এসআর ব্রিকসকে অভিযান এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।
অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি দল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
