

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এর রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা প্রদান করেছেন সাবেক চার রাজনীতিবিদ। এরা হলেন বিরল উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রূপালী বাংলা জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাবেক কোষাধ্যক্ষ ও মাহমুদা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সুবাইতা ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রুমানা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু।
আজ মঙ্গলবার দুপুরে বিরল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব এম আব্দুল লতিফ। এসময় আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাজ্জাদ হোসেন সাজু ও আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন- আমরা ব্যবসায়িক উদ্যোগ গ্রহনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। এরইসাথে বিগত দিনে আমরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম যা আমাদের সমাজের সাধারণ মানুষের মাঝে ভালোভাবে নেয়া হচ্ছে না। তাই আমরা এখন থেকে আর কোনদিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করবো না ঘোষণা করছি এবং আমাদের অতীতের কোন পদ পদবী অদ্য হতে আর কোথাও ব্যবহার করা হবেনা বলে ঘোষণা প্রদান করছি। আমরা অদ্য হতে সাধারণ মানুষের ন্যায় চলাফেরা করবো এবং জীবিকা নির্বাহের জন্য আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করবো।
তাই অদ্য হতে আমাদের সকল রাজনৈতিক পরিচয় হতে আমরা অব্যহতি গ্রহণপূর্বক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদেরকে রাজনীতিমুক্ত ঘোষণা প্রদান করে সর্বমহলে সাধারণ মানুষ এর ন্যায় জীবনযাপনে অঙ্গিকারবদ্ধ হলাম।
