

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় টেকসই কৃষি ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং জন স্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। তিনি বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ, মাটি ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হয়, একই সঙ্গে পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহারে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন মো. সহিমউদ্দিন আহমেদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানো সম্ভব। বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের টেরিটরি সেলস অফিসার মো. রুহুল আমিন (বীরগঞ্জ) এবং অ্যাসোসিয়েট সেলস অফিসার মো. রাকিবুল ইসলাম (পীরগঞ্জ)। তারা বায়োপেস্টিসাইডের কার্যকারিতা, প্রয়োগ পদ্ধতি এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকরা বায়োপেস্টিসাইড ব্যবহারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। অনুষ্ঠানে পরিবেশবান্ধব কৃষি চর্চা সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
