

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর গ্রামের মাস্টার মার্কেট এলাকার একটি ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম শ্রী শ্যামল (৩৮)। তিনি উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে বিহারপুর মাস্টার মার্কেটের একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
