

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বিষক্রিয়ায় আক্রান্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত ব্যক্তি হলেন বগুড়ার ধনুট উপজেলার শ্রীরামপুর গ্রামের মরহুম জর্জিস হোসেনের ছেলে আজাহার আলী (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ স্টেশনের নিকট বিষপান করেন আজাহার আলী। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহ এবং মাথার ওপর ঋণের চাপ সহ্য করতে না পেরে আজাহার আলী নন্দীগ্রামে এসে বিষপান করেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
