

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী উপজেলা পর্যায়ে ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পৌর শহর সহ থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে পৌর শহরের হিলি বাজারস্থ এলএসডি গোডাউন মোড় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সতর্ক অবস্থানে দেখা পুলিশের সদস্যদের।
একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও স্পর্শকাতর এলাকা গুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও মাঠে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
হাকিমপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, হাকিমপুর সার্কেল (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ মহোদয়ের পরামর্শক্রমে আমার নেতৃত্বে থানা এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত হাকিমপুর হিলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল, সমাবেশ বা অন্য কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
