×

শহীদ আবু সাঈদের স্বপ্ন দুই বছরেই ভঙ্গ করে দিয়েছে বিএনপি: ফুলবাড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে তরুণ প্রজন্ম ২০২৪ এ একটি নতুন আকাঙ্খা নিয়ে, আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ঢাকা মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে ছোট যমুনা সেতু সংলগ্ন বটতলি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, তারা আমাদেরকে বলেছিলো বাংলাদেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১৪শ হত্যাকান্ডের বিচার হবে, আজাদীর স্বপ্ন পুরুষ ওসমান হাদি হত্যার বিচার হবে, শাপলা চত্বরে হত্যাকান্ড- পিলখানা হত্যাকান্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় বসে থাকলাম, আমাদের বিএনপির ভায়েরা থানায় গিয়ে ওসি সাহেবকে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করতে ধরনা দেয়।
এনসিপি’র কার্যক্রম সম্পর্কে বলেন, আমরা জনগণের কাছে যাবো। আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবোনা। টেন্ডার বাজী করবোনা, বাসস্ট্যান্ড দখল করব না,ভারতের সাথে সমঝোতা করব না, বাংলাদেশ কে তৈরি করতে চাই, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আলেমদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, হিন্দু ভাইদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে চাই। বাংলাদেশ পুলিশ সংস্কার করতে চাই, মিলিটারী সংস্কার করতে চাই, অর্থনৈতিক সংস্কার করতে চাই। উত্তরাঞ্চলবাসী জীবনের ভাগ্যের উন্নয়ন করতে চাই।
পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা.আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অফ হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।