

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরের জনপ্রিয় তরুণ আলোকচিত্রী বিপুল আহমেদ এর একটি আলোকচিত্র বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৬-এর পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আলোকচিত্র প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় সংবাদচিত্র সাংবাদিকদের নির্বাচিত কাজের সঙ্গে বিপুল আহমেদের ছবিও স্থান পেয়েছে। এটি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ৩১ জুলাই রাজধানীর দৃক গ্যালারিতে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে মোট ৩২টি নির্বাচিত আলোকচিত্র প্রদর্শিত হবে। সেই প্রদর্শনীতেই দর্শনার্থীদের সামনে উপস্থাপিত হবে বিপুল আহমেদের নির্বাচিত আলোকচিত্র।
স্থানীয়ভাবে ফটোগ্রাফির মাধ্যমে নানা সামাজিক বাস্তবতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার জন্য পরিচিত বিপুল আহমেদের এই সাফল্যে আনন্দিত আক্কেলপুরের সাংস্কৃতিক ও সাংবাদিক মহল। তাঁর এই অর্জন শুধু আক্কেলপুর নয়, সমগ্র জয়পুরহাট জেলার জন্যও গর্বের বিষয়।
এ বিষয়ে শুভানুধ্যায়ীরা বলেন, জাতীয় পর্যায়ের এমন একটি মর্যাদাপূর্ণ প্রদর্শনীতে স্থান পাওয়া তরুণ আলোকচিত্রীদের জন্য বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা সবার।
