×

ফুলবাড়ীর কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাবিপ্রবির নতুন উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. নওশের ওয়ান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের নির্ধারিত সময় পর্যন্ত, যেটি আগে হবে, উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী উপ-উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নওশের ওয়ান দীর্ঘদিন ধরে হাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে সুনাম অর্জন করেছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে হাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। তিনি ২০২৪ সালের ৪ নভেম্বর এ পদে নিয়োগ পান এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামে। তাঁর উপ-উপাচার্য হিসেবে নিয়োগের খবর আজ মঙ্গলবার এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফুলবাড়ীর জন্য এ নিয়োগকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।