

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিক মামুনুর রশীদ মামুনের যমজ কন্যা মোছা. মারিয়াম আক্তার মিথিলা ও মোছা. মারিয়াম আক্তার মিথুন।
যমজ দুই বোনই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাদের এমন কৃতিত্বে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ সাফল্যে স্বজন, শিক্ষক ও স্থানীয়রা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
মামুনুর রশীদ মামুন স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি সাদুল্লাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি সন্তানদের পড়াশোনার প্রতি তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিল যমজ দুই বোন। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের সার্বিক সহযোগিতায় তারা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে।
সাংবাদিক মামুনুর রশীদ মামুন বলেন, মেয়েদের এই সাফল্যে তিনি ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও তারা যেন ভালো ফলাফল অর্জন করতে পারে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোছা. মারিয়াম আক্তার মিথিলা বলেন, “এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যদের অনেক অবদান রয়েছে। তারা সবসময় আমাকে পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই। এজন্য সবার কাছে দোয়া চাই।”
অন্যদিকে তার যমজ বোন মোছা. মারিয়াম আক্তার মিথুনের স্বপ্ন ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া। বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সে উচ্চশিক্ষায় মনোযোগ দিয়ে এগিয়ে যেতে চায়।
খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, যমজ দুই শিক্ষার্থীর এমন ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত। তারা দুজনই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের সাফল্য এবং স্বপ্ন পূরণের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
