×

সৈয়দপুর বিজ্ঞান কলেজে ভর্তির দাবিতে সড়ক অবরোধ

সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
আজ রোববার বেলা ১১টার দিকে কলেজের সামনে সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছেন না। এ অবস্থায় ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবক সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হিসেবে আমাদের ভর্তির অধিকার চাই। আমরা ষষ্ঠ শ্রেণি থেকে দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছি। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ার কারণে নিজ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না থাকায় হতাশ আমরা। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানাই।
শিক্ষার্থীরা আরও জানান, একটি পরীক্ষার ফলাফলের কারণে দীর্ঘদিনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। ভর্তির ন্যুনতম যোগ্যতা পুনর্বিবেচনা করে নিয়মিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
অভিভাবকেরা বলেন, তাদের সন্তানদের অনেকেই সামান্য নম্বরের ব্যবধানে জিপিএ-৫ পাননি। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা প্রয়োজন। তারা কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সড়ক অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। তিনি কলেজ কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে অবগত হন। পরে বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছিল। তবে ভর্তির বিষয়ে চুড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
এর আগে ৪৮ জন শিক্ষার্থীর অভিভাবকেরা ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছেও বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন তারা। তবে কোনো সমাধান না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ উত্তরাঞ্চলের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজটিতে ৩৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। গত ২৭ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-৫ নির্ধারণ করা হয়েছে। এতে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কালাম আজাদ বলেন, কলেজে প্রতিবছর ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।